‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’
চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করছেন ইউক্রেনের সাবেক এক সামরিক কমান্ডার। রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে মন্তব্য করেন ভ্যালারি জালুঝনি নামের এই সাবেক কমান্ডার-ইন-চিফ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইউক্রেনস্কা প্রাভদার ‘ইউপি১০০’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় এসব কথা বলেন ভ্যালারি জালুঝনি। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভ্যালারি জালুঝনি বলেন, ২০২৪ সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রাশিয়ার স্বৈরাচারী মিত্রদের সরাসরি সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করেছেন তিনি।
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাস্ত্র যুক্ত রয়েছে দাবি করে সাবেক এই কমান্ডার বলেন, ‘ইউক্রেনের সামনে ফ্রন্টলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। ইতিমধ্যেই ইউক্রেনে ইরানি ‘শাহেদি’ ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে।’
ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ভ্যালারি জালুঝনি বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব। কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। এটা স্পষ্ট যে, ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে।’
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রয়েছেন। তারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছেন। এ ছাড়া ইরানের শাহিদী ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে দাবি।

Comments
Post a Comment